চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
রেলপথে পাথর ছুঁড়ে মারার মত দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে দুর্ঘটনার পরিসংখ্যন ও অপরাধের শাস্তি উল্লেখ করে বিলবোর্ড স্থাপনের দাবি জানিয়েছে প্রীতি দাশের স্বজনরা। একইসঙ্গে প্রত্যেক ট্রেনে জরুরি মেডিকেল টিম ও প্রত্যেক বগিতে প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম রাখা এবং রেল পুলিশের সংখ্যা বাড়ানোরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা। এসময় কান্নায় ভেঙ্গে পড়েন প্রীতির স্বজনরা বলেন, ‘এটি নিছক কোন দুর্ঘটনা নয়, এটি হত্যাকান্ড। আমরা এ হত্যাকান্ডের জন্য দায়ীদের সর্বোচ্চ শাস্তি চাই।’
সম্প্রতি স্বামীর সঙ্গে ট্রেনে চড়ে ঢাকা যাবার পথে ছোঁড়া পাথরে প্রকৌশলী প্রীতি দাশ নিহত হন। মর্মান্তিক এ ঘটনায় নিজেদের অভিব্যক্তি জানাতে প্রীতি দাশের স্বামী মিন্টু কুমার দাশসহ স্বজনরা সাংবাদিকদের মুখোমুখি হন। সংবাদ সম্মেলনে মোট ১১ দফা দাবি তুলে ধরেন মিন্টু কুমার দাশ।
এসব দাবির মধ্যে আরও আছে, দ্রুততম সময়ের মধ্যে প্রীতির হত্যাকারীদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা, রেল কর্তৃপক্ষের মাধ্যমে চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে স্থানীয় থানা পুলিশের মাধ্যমে নিয়মিত টহলের ব্যবস্থা করা, জনসচেতনতা সৃষ্টি করা, ট্রেনে দায়িত্বরত পুলিশদের প্রত্যেক বগির দরজায় সতর্ক অবস্থায় রাখা ও পাথর ছোঁড়ার সম্ভাবনা দেখলে গুলি ছুঁড়ে প্রতিহত করা এবং দুর্ঘটনার শিকার যাত্রীদের ক্ষতিপূরণ প্রদানের জন্য তহবিল গঠন করা।
মিন্টু কুমার দাশ বলেন, ‘আমার স্ত্রীর নির্মম হত্যাকান্ডের পর আমি অনেক কেঁদেছি, অনেক ভেবেছি, আবার সান্ত্বনা পেয়েছি এটাই যে, দেশ থেকে এখনও মানুষ হারিয়ে যায়নি। ঘটনার পর সবাই যেভাবে আমার পাশে এসে দাঁড়িয়েছে, সেভাবে যদি আমরা সবাই এক হতে পারি, তাহলে পাথর ছোঁড়ার ঘটনা হবে এটাই শেষ ঘটনা।’
সংবাদ সম্মেলনে মেয়ের শৈশব-কৈশোর নিয়ে বিভিন্ন স্মৃতি বর্ণনা করে কাঁদেন প্রীতি’র বাবা দীলিপ দাশ। এসময় সংবাদ সম্মেলনস্থলে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। কাঁদতে থাকেন প্রীতির সব স্বজনরাই।
দীলিপ দাশ বলেন, ‘আমার মেয়ে মারা যায়নি, তাকে মেরে ফেলা হয়েছে। যেভাবে হত্যাকান্ড হয়েছে, আমি চাই, ঘাতকের বিচার হোক। আর কোন মায়ের বুক যেন খালি না হয়।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রীতি দাশের শ্বশুড় সুকুমার দাশ, শ্বাশুড়ি রানু দাশ, দু’ভাইসহ আত্মীয়স্বজনরা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সচিব মো.মাহাবুবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস পপি প্রমুখ।
সংবাদ সম্মেলনের আগে প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রীতি দাশের বন্ধুবান্ধব, স্বামী মিন্টু দাশের সহকর্মী এবং স্বজনরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরাও অবিলম্বে প্রীতি দাশের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান।
চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)




