দেশব্যাপী সিরিজ বোমা হামলা মামলার দুই আসামি ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন হাইকোর্ট। তাঁরা হলেন কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদী। সোমবার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড কার্যকরে অনুমতি চেয়ে আবেদন) ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামিপক্ষে ছিলেন মো. নাসির উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।
মামলার বিবরণে বলা হয়েছে, ২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরে জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাকবাংলোর সামনে ও পালং বাজারসহ সারা দেশে একযোগে বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি কামরুজ্জামান ওরফে স্বপন ও মালেক বেপারী ওরফে মালেক জেহাদীকে মৃত্যুদণ্ড দেন শরীয়তপুরের বিচারিক আদালত। এর বিরুদ্ধে আপিল দায়ের করেন আাসামিরা। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। উভয় আবেদনের শুনানি শেষে দণ্ড কমিয়ে যাবজ্জীবন দণ্ড দেন হাইকোর্ট।




