রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে আনোয়ারায় এড়ানো গেল রক্তক্ষয়ী সংঘর্ষ

ভূমি প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে আনোয়ারায় এড়ানো গেল রক্তক্ষয়ী সংঘর্ষ

আনোয়ারা উপজেলার জুইদন্ডি এলাকায় একটি মাদ্রাসা ভবন নির্মাণ নিয়ে দুই পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছে। পুলিশের উপস্থিতিতে শুক্রবার দুইপক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের  হস্তক্ষেপে আপাতত রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো গেলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভূমি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য তাৎক্ষনিক ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।  উল্লেখ্য,  দীর্ঘ ১০ বছর ধরে মাদ্রাসা ও মসজিদ নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার আনোয়ারা উপজেলার জুইদন্ডী গ্রামে শরফিয়া বারীয়া এবতেদায়ী মাদ্রাসা ভবন নির্মাণে কাজ শুরু করে মাদ্রাসা কমিটি। সকাল ১১টার দিকে আদালতের নির্দেশে পুলিশ মাদ্রাসা ভবন নির্মাণ কাজ বন্ধের আদেশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন।  এসময় মাদ্রাসা কমিটির সহ সাধারণ সম্পাদক এম.নঈম উদ্দীন বিষয়টি নিয়ে পুলিশের সাথে কথা বলার সময় প্রতিপক্ষ জালাল উদ্দীন গং বহিরাগত লোকদের নিয়ে মারধর শুরু করে। এ সময় দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়।

এতে আহত হন মাদ্রাসা কমিটির সহ সাধারণ সম্পাদক এম.নঈম উদ্দীন(৩৬), ফখরুদ্দীন (৩২), আহমদ ছৈয়দ(৪০), সরোয়ার কামাল(২৮), আমির হোসেন(২৫), আবদুস ছবুর (৪৫), আবদুল জব্বার(৩৫), ইলিয়াছ(২২), আলী আকবর (২০)। পরে এলাকাবাসী জড়ো হয়ে বহিরাগত সন্ত্রাসীদেরকে ধাওয়া করে। অতিরিক্ত পুলিশ মোতায়নের পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

শুক্রবার রাতেই ভূমি প্রতিমন্ত্রী জাবেদ এমপির সার্সন রোডস্থ বাসায় দুই পক্ষকে ডেকে তাৎক্ষনিক বৈঠকে বসেন। বৈঠকে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করে দেন। উপজেলা আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান চৌধুরী বলেন মাদ্রাসা ভবন নির্মাণ নিয়ে দুই পক্ষে সংঘর্ষ হয়। প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে । প্রতিমন্ত্রীর পক্ষ থেকে গঠিত কমিটি মাদ্রাসা উন্নয়ন মূলক কর্মকান্ড চালাবে। আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ জানান, ভূমি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বিষয়টি দেখা হচ্ছে। এলাকায় পুলিশ টহল দিচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ