শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......যাত্রাবাড়ীতে পুলিশ-শিবির সংঘর্ষে শিবির নেতা নিহত

যাত্রাবাড়ীতে পুলিশ-শিবির সংঘর্ষে শিবির নেতা নিহত

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে শিবিরকর্মীদের দফায় দফায় সংঘর্ষে এক শিবির নেতা নিহত হয়েছে। নিহত শিবির নেতার নাম খলিলুর রহমান। সে ঢাকা মহানগর ৮৮ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিল বলে দাবি করেছে কেন্দ্রীয় শিবির।
মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়ায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের রাবার বুলেটে আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত ১৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৭টার দিকে দনিয়ায় জামায়াত-শিবিরের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় পিকেটাররা পুলিশের ধাওয়া খেয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরই খলিলুরের লাশ উদ্ধার করে পুলিশ।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাযহারুল ইসলাম জানান, মৃতদেহটি জামায়াত-শিবির কর্মীর। পুলিশ ধাওয়ায় জামায়াত-শিবির কর্মীরা পালানোর সময় গাড়ির সঙ্গে ওই ছেলেটির ধাক্কা লাগে। এতে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে দাবি করেন তিনি।
মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, ‘সকাল সোয়া ৭টার দিকে পুলিশ ওই যুবককে হাসপাতালে আনে। তবে সে আগেই মারা যায়। নিহত যুবকের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেটের জখমের চিহ্নও রয়েছে।’
চিকিৎসক আরও বলেন, ‘কোনো যানবাহনের সঙ্গে ধাক্কা লেগে খলিল মাথায় আঘাত পেয়ে থাকতে পারেন।’
শিবিরের প্রচার বিভাগের নেতা জামাল উদ্দিন দাবি করেন পুলিশের গুলিতে খলিল নিহত হয়েছেন। তিনি জানান, খলিলের বাড়ি পাবনার সাঁথিয়ায়। তার বাবার নাম শহিদুল ইসলাম।
গত ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নির্বাচন কমিশনে নিবন্ধন অবৈধ বলে রায় দেন। এ রায়ের প্রতিবাদে হরতালের ডাক দেয় দলটি। পরে অবশ্য রায়ের প্রতিবাদে হরতাল নয় বলে অস্বীকার করে জামায়াত। এ হরতালে ১৮ দলীয় জোটের কয়েকটি দল সমর্থন দিয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ