দায়িত্ব নেওয়ার তিন ঘণ্টার মধ্যেই ফের সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। অন্যদিকে দ্বায়িত্ব নেওয়ার ১০ মিনিটের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের বরখাস্তের আদেশও চ্যালেঞ্জ করে রিট করা হচ্ছে। ০৩ এপ্রিল এ তথ্য জানিয়েছেন তাদের আইনজীবীরা। আরিফের আইনজীবী আব্দুল হালিম ক্বাফী বলেন, ০২ এপ্রিল আরিফুল হক চৌধুরীকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার রিট দায়ের করা হয়েছে। বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের শুনানি হতে পারে। অন্যদিকে বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল বলেন, ‘আমরা রিট দায়ের প্রস্তুতি প্রায় শেষ করেছি। যেকোনো সময় এটি দায়ের করা হবে’।



