বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত মহাপরিচালক এবং মায়ানমারের মায়ানমার পুলিশ ফোর্সের (এমপিএফ) চিফ অব পুলিশ জেনারেল স্টাফ পর্যায়ে সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। ০২ এপ্রিল রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে ছয় দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক বৈঠক শুরু হয়। চিফ অব পুলিশ জেনারেল স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল মায়ো শোয়ে উইনের নেতৃত্বে ছয় সদস্যের মায়ানমার প্রতিনিধি দল এবং বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করছে। বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ মোহসিন রেজা জানান, এবারের সীমান্ত সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে দুই প্রতিবেশী দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক আরো বৃদ্ধির মাধ্যমে সীমান্ত নিরাপত্তা অধিকতর জোরদার করা। বিজিবির পক্ষ থেকে মায়ানমার নাগরিকের অবৈধ অনুপ্রবেশ, মাদক পাচারের বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। অপরদিকে, মায়ানমার প্রতিনিধি দলের পক্ষ থেকে সীমান্ত অপরাধ, আটককৃত বাংলাদেশি নাগরিক সম্পর্কিত তথ্য বিনিময়, মাদক পাচারের বিষয়টি আলোচনা করা হবে।




