নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো জাতীয় নির্বাচনেও ভরাডুবির আশংকায় বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। ১১ ফেব্রুয়ারি পটিয়ায় স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এই মন্তব্য করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটি যখন গঠন করা হয় সেটাকেও বিতর্কিত করার চেষ্টা করেছিল বিএনপি। অথচ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে আওয়ামী লীগ থেকে একজন, বিএনপি থেকে একজন আর অন্যান্য দলের তিনজন নিয়ে রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। নির্বাচন কমিশনকেও বিএনপি বিতর্কিত করার চেষ্টা করছে।
‘আসলে বিএনপি আশংকা করছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের মতো আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তাদের ভরাডুবি হবে। ভরাডুবির আশংকায় বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ওবায়দুল কাদের বলেন, বিএনপি পুরনো নালিশের দল। তারা পথ হারিয়ে দিশেহারা। তাদের ৫৯৬ জনের কেন্দ্রীয় কমিটি। জাম্বু সাইজের এই কমিটি নিয়ে বিএনপি সাহস থাকলে মাঠে নামুক। মিছিল-মিটিং করে দেখাক। দলের নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, দু:সময়ের কর্মীদের কোণঠাসা করবেন না। যেখানে কমিটি নেই সেখানে কমিটি করুন। তবে পকেট কমিটি করবেন না। এসময় জনসভা করার দরকার নেই বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এবা স্কুলে বই বিতরণে কিছুটা সমস্যা হয়েছে। তবে আমাদের খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীরা যেন ভুল শিক্ষা না পায়। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুলে বাইপাস সড়ক নির্মাণের স্থান পরিদর্শনে এসে জনসভায় বক্তব্য দেন মন্ত্রী। বাইপাস সড়কের জন্য ৪৬টি ঘর উচ্ছেদ নিয়ে বাসিন্দাদের আশংকার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়েও জনসভায় কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাকে বাইপাস সড়কের নির্মাণের নির্দেশ দিয়েছেন। ৪৬টি ঘর নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আমরা হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বসব। বাইপাস সড়কের জন্য একটি মন্দির উচ্ছেদ করলে ৪৬ টি ঘর আর উচ্ছেদের প্রয়োজন হবে না। তবে উচ্ছেদ করা মন্দির অন্য কোন জায়গায় আমরা সরকারের অর্থায়নে নির্মাণ করে দেব। জনসভায় আওয়ামী লীগ নেতারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চারলেনে উন্নীত করার দাবি জানালে মন্ত্রী এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশ্বাস দেন।
পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন ও উপ-দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া ও সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান। জনসভা মঞ্চে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ফাউন্ডেশনের সভানেত্রী মাজেদা বেগম শিরুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পটিয়ায় জনসভা থেকে ওবায়দুল কাদের কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন। যাওয়ার পথে তিনি চন্দনাইশে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় বক্তব্য দেন।




