হাজারো চিকিৎসকের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৬০তম বর্ষপূর্তির মূল পর্ব। মঙ্গলবার সকালে চমেক মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়। জরুরি বিভাগ হয়ে মেডিকেল পূর্ব গেট, প্রবর্তক মোড় হয়ে পুনরায় মাঠে চলে আসে। বাদ্যের তালে তালে বর্ণিল সাজে নেচে গেয়ে শোভাযাত্রা মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। এরপর মূল মঞ্চে কেক কাটেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন চমেক অধ্যক্ষ অধ্যাপক সেলিম মো. জাহাঙ্গীর, বিএমএ চট্টগ্রাম সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন প্রমুখ। কেক কাটার পর বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। দিনব্যাপী অনুষ্ঠানমালায় রয়েছে আজীবন সম্মাননা, স্মৃতিচারণ, মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।




