জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের জনগণের মাঝ থেকে একজন প্রতিভাবান ও সাহসী নেতৃত্বকে সরিয়ে দেওয়া হয়েছে। তবু বাংলাদেশ এখন তার স্বপ্ন বাস্তবায়নে তারই কন্যার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে এবং তার স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে শোক বইয়ে এমনটিই লিখেছেন সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ২৯ আগস্ট বেলা ১১টা ৪২ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন কেরি। এসময় সেখানে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও বঙ্গবন্ধুর দৌহিত্র রেদওয়ান সিদ্দিক মুজিব ববি। শ্রদ্ধা নিবেদনের পর কেরিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে ঘুরে দেখান শাহরিয়ার আলম ও ববি। কেরির সঙ্গে ছিলেন তার সফরসঙ্গীরাও।



