আইনশৃংখলা বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় দুই দিনে ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ঢাকা, রাজশাহী ও ব্রাহ্মণবাড়িয়ায় আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জন নিহত হওয়ার পর আজ সকাল ১০টার মধ্যে বগুড়া ও যশোরে ‘বন্দুকযুদ্ধে’ আরও দুইজনের নিহতের খবর এলো। দুইদিনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬ জনের মধ্যে ৪ জনই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সদস্য বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এছাড়া গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় ও আজ যশোরে নিহত দু’জনকে ডাকাত দলের সদস্য বলে জানানো হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানীর পল্লবীর কালশী এলাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ জনের মধ্যে জয়পুরহাটের জঙ্গি তারেক হোসেন মিলু ওরফে ইসমাইল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম খুনে ও অপরজন দিনাজপুরের সুলতান মাহমুদ ওরফে রানা ওরফে কামাল বগুড়া শিয়া মসজিদে হামলার সঙ্গে জড়িত। অপরদিকে মঙ্গলবার রাজশাহীতে নিহত চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি জামাল উদ্দিনকে বাঘমারায় কাদিয়ানি মসজিদে আত্মঘাতী হামলাকারী এবং আজ বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত কাউসারকে জেএমবি সদস্য দাবি করে পুলিশ বলছে, সেও বগুড়া শিয়া মসজিদে হামলায় অংশ নেয়।
গত রোববার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে চট্টগ্রামের জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ খুনে জঙ্গি সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা পুলিশের। এরপরই গত দুই দিনে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে হঠাৎ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনায় ৬ জন নিহত হওয়ার খবর এলো।




