বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিনের বেশি সময় নেওয়া যাবে না

জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিনের বেশি সময় নেওয়া যাবে না

এখন থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেওয়ার ক্ষেত্রে ৩০ দিনের বেশি সময় না নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৭ মে এ সংক্রান্ত নির্দেশনার চিঠি দেশের সকল উপজেলা, জেলা নির্বাচন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠিয়েছেন ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) সৈয়দ মোহাম্মদ মুসা। নির্দেশনায় তিনি বলেছেন, নির্বাচন চলাকালীন সময়েও এনআইডি সংক্রান্ত আবেদন জমা নিতে হবে। তবে তা প্রক্রিয়া করতে হবে নির্বাচনের পর।

এছাড়া এনআইডি সেবা দেওয়ার ক্ষেত্রে বিধিতে উল্লেখিত সময়ের বেশি না নেওয়ার নির্দেশনা দিয়েছে ইসি। জাতীয় পরিচয় নিবন্ধন বিধিমালায় বলা হয়েছে, আবেদন জমা নেওয়ার পর প্রক্রিয়া সম্পন্ন করতে ৭ দিনের বেশি সময় নিতে পারবেন না উপজেলা নির্বাচন কর্মকর্তা। একই সঙ্গে এনআইডি নবায়ন, হারানো কার্ড উত্তোলন বা সংশোধনের জন্য সাধারণ আবেদনের ক্ষেত্রে ৩০ দিনের বেশি দেরি সময় নেওয়া যাবে না। আর জরুরি আবেদন হলে ৭ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে আবেদনে কোনো ত্রুটি থাকলে বা কোনো ডকুমেন্ট প্রদানে আবেদকারীর ঘাটতি থাকলে অথবা আবেদন গ্রহণযোগ্য না হলে তাও সংশ্লিষ্ট ব্যক্তিকে জানিয়ে দিতে হবে। এক্ষেত্রে সকল প্রতিটি নির্বাচন অফিসে কোনো সেবার জন্য কি কি প্রয়োজনীয় তথ্য উপাত্ত বা দলিলাদী আবেদনকারীকে জমা দিতে হবে, সে সংক্রান্ত নির্দেশনা তা টানিয়ে রাখতে হবে।

এদিকে জীবিত ব্যক্তিকে মৃত বলে দেখানোর বিষয়টি কমিশনের নজরে এসেছে। তাই কোনো ব্যক্তি প্রকৃত অর্থেই মৃত কি না তা সঠিকভাবে যাচাই করার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া ঠিকানা পরিবর্তন বা ভোটার এলাকা পরিবর্তনের ক্ষেত্রে অনেকের স্বাক্ষর জাল করার বিষয়টিও ইসির নজরে এসেছে। তাই ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো মাধ্যমে আবেদন গ্রহণ না করার জন্য বলা হয়েছে। এনআইডি নবায়ন, স্থানান্তর ও মৃত ভোটারের নাম কর্তনের ক্ষেত্রে এ বিষগুলোর প্রতি বিশষে সতর্কতা অবলম্বনের জন্য সকল কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনো কর্মকর্তা অনিয়ম বা অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আবার অনলাইনে জমাকৃত আবেদনপত্রও আমলে নিয়ে কর্মকর্তাদের একই প্রক্রিয়া ও নির্দেশনা অনুসরণ করতে বলেছে সংস্থাটি। একইসঙ্গে যে কোনো সেবার জন্য আবেদনকারীকে ঢাকায় আসার পরামর্শ না দিয়ে বরং উপজেলাতেই যথাযথ কার্যক্রম গ্রহণ করে তা কেন্দ্রে পাঠানোর নির্দেশ ইসি।

বর্তামানে দেশে ভোটার রয়েছে প্রায় ১০ কোটি। এদের মধ্যে এনআইডি সরবরাহ করা হয়েছে ৯ কোটি ১৮ লাখ নাগরিককে। তবে এরমধ্যে এক-তৃতীয়াংশ নাগরিকের জাতীয় পরিচয়পত্রে ভুল রয়েছে। আর তা সংশোধন করার জন্যই প্রতিদিন দেশব্যাপী হাজার হাজার আবেদন পড়ছে। এছাড়া হারানো কার্ড উত্তোলন বা ভোটার এলাকা পরিবর্তনের জন্যেও আবেদন পড়ছে। তবে এসব আবেদনকারী সেবা পেতে দীর্ঘসূত্রতার মধ্যে পড়ছেন বলে অভিযোগ রয়েছে। আবার অনেক সময় উপজেলা নির্বাচন কর্মকর্তারা নানা অযুহাতে আবেদন গ্রহণ না করে ভূক্তভোগীকে ঢাকায় নির্বাচন কমিশনে আসার পরামর্শও দেন। অবশেষে নির্বাচন কমিশনের এ নির্দেশনায় সাধারণ নাগরিকদের সেবা নিশ্চিত আরো ত্বরান্বিত হবে বলেই মনে করছেন ইসি কর্মকর্তারা।

আরও পড়ুন

সর্বশেষ