ইস্টার্ন রিফাইনারির ইউনিট-২ এর পরামর্শক হিসেবে ভারতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের (ইআইএল) সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। মঙ্গলবার সকাল পৌনে ১১টায় প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেস্ট নামে এ প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে সই করেন ইআইএল’র নির্বাহী পরিচালক (মার্কেটিং) উপেন্দ্র মহেশ্বরী ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পরিচালক (অপারেশন) মোসলেম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন ভারতের পেট্রোলিয়াম ও ন্যাচারাল গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
অনুষ্ঠানে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেন, প্রকল্প চলাকালীন সময়ে বাংলাদেশের পক্ষে যাবতীয় কাজ দেখভাল করবে ইআইএল। দরপত্রের ভিত্তিতে সবচেয়ে যোগ্য প্রতিষ্ঠানটিকে এ প্রকল্প কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এজন্য ইআইএলকে ১১০ কোটি টাকা দেওয়া হবে। অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল লতিফ সহ ইআইএল ও বিপিসির উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




