বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে আঙ্গুলের ছাপ অবৈধ কাজে ব্যবহার করা হবে না বলে আশ্বস্ত করেছে মন্ত্রিসভা। আর কোনো মোবাইল অপারেটর এমনটি করলে সেই প্রতিষ্ঠানকে ৩০০ কোটি টাকা জরিমানা করা হবে। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘মন্ত্রিসভা সাধারণ মানুষকে আশ্বস্ত করল- ভয়ের কিছু নেই। আমরা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছি। আপনারাও জনগণকে আশ্বস্ত করতে পারেন-ফিঙ্গারপ্রিন্টের কারণে কারও ক্ষতি হবে না। তিনি বলেন, ‘এটার যদি মিসইউজ হয়, তাহলে অপারেটরদের জন্য বড় শাস্তি আছে। তাদের ৩০০ কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। সিম পুনঃনিবন্ধনে সম্পর্কে তিনি আরও জানান, নাগরিকদের আঙুলের যে ছাপ জাতীয় পরিচয়পত্রের তথ্য ভাণ্ডারে সংরক্ষিতে আছে, তা মিলিয়ে দেখতেই এ ব্যবস্থা। মোবাইল অপারেটররা এই ছাপ সংরক্ষণ করবে না।



