মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানি করতে ছয় সপ্তাহ সময় চাওয়া হয়েছে। তবে কি কারণে সময় চাওয়া হয়েছে তা জানা যায়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর কোর্টের ০৩ এপ্রিল রোববারের কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৬ নম্বরে রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ রিভিউ (রায় পুনর্বিবেচনা) আবেদনের শুনানির দিন ধার্যের শুনানি করবেন। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। শুনানি পেছাতে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ছয় সপ্তাহের সময়ের আবেদন জানিয়েছেন নিজামীর আইনজীবীরা। কি কারণে সময় চাওয়া হয়েছে সে বিষয়ে জানতে কয়েকবার নিজামীর ছেলে ব্যারিস্টার নাজীব মোমেনের মোবাইলে ফোনে কল করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
এর আগে গত ২৯ মার্চ সকালে ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদন করেন নিজামীর আইনজীবীরা। এতে মোট ৪৬টি কারণ দেখিয়ে আপিল বিভাগের ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানানো হয়েছে। ৩০ মার্চ রিভিউ আবেদনটির দ্রুত শুনানির জন্য আবেদন জানান রাষ্ট্রপক্ষ। ওইদিনই এ আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন মির্জা হোসেইন হায়দারের আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখে গত ০৬ জানুয়ারি নিজামীর মানবতাবিরোধী অপরাধ মামলার সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দেন প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। গত ১৫ মার্চ আপিল মামলাটির ১৫৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সর্বোচ্চ আদালত।




