যুক্তরাষ্ট্রের ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের (বিবি) রিজার্ভ চুরির ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিবি গভর্নরের বিরুদ্ধে অভিযোগ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ১৪ মার্চ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে ঘটনাটি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকায় গভর্নরের ওপর ক্ষোভও প্রকাশ করেন তিনি। তবে বিবি গভর্নর ড. আতিউর রহমানের নাম উল্লেখ করেননি অর্থমন্ত্রী। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত হঠাৎ করে উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় ক্ষোভ প্রকাশ করে উচ্চস্বরে প্রধানমন্ত্রীকে বলে ওঠেন, ‘বিষয়টি আমাকেও জানানো হয়নি। এমনকি গত ৭ মার্চের বৈঠকেও আমাকে কিছু বলা হয়নি। এতো বড় ঘটনা বাংলাদেশ ব্যাংক প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীকে না জানিয়ে থাকে কীভাবে?,’ ক্ষোভ প্রকাশ করে বলেন এমএ মুহিত।
এ সময় পাশ থেকে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের অর্থমন্ত্রীর পাঞ্জাবীর প্রশংসা করলে প্রসঙ্গটি নিয়ে আর কোনো কথা হয়নি। ক্ষুব্দ অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ এই পাঞ্জাবীতে আপনাকে খুবই সুন্দর লাগছে। তার সঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদও অর্থমন্ত্রীর পাঞ্জাবীর প্রসংশা করেন। এরপর ক্ষুব্দ অর্থমন্ত্রী সহাস্যে তাদের ধন্যবাদ জানান। বৈঠক সূত্র জানায়, বৈঠকে গর্ভনরের বিরুদ্ধে অভিযোগটি প্রধানমন্ত্রী শুনেছেন, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।




