ইয়াং ইন্টারন্যাশনাল নামের কোরিয়ান একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকেরা চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (সিইপিজেড) মূল ফটক অবরুদ্ধ করে রেখেছেন। এর ফলে হাজার হাজার শ্রমিক নিজ নিজ কর্মস্থলে ঢুকতে পারছেন না। চট্টগ্রাম শিল্প পুলিশের পরিচালক তোফায়েল আহম্মেদ মিয়া জানান, ইয়াং ইন্টারন্যাশনালের বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি আমরা। আশাকরি, শিগগির তারা ফটক খুলে দেবে। তিনি জানান, শান্তিপূর্ণ উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আলোচনার পাশাপাশি বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারী জানান, ইয়াং ইন্টারন্যাশনাল বার্ষিক ইনক্রিমেন্ট কম দেওয়ার অভিযোগে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। উত্তেজিত শ্রমিকরা মূল ফটক বন্ধ করে দিয়েছে। আমরা আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি। শতভাগ রপ্তানিমুখী সিইপিজেডের দেশি-বিদেশি কারখানাগুলোতে পৌনে দুই লাখ কর্মী কাজ করেন। তাদের বেশিরভাগই মূল ফটক দিয়েই কর্মস্থলে আসা-যাওয়া করেন।



