হজ প্যাকেজ-২০১৬ মন্ত্রিসভায় অনুমোদন দিয়েছে সরকার। পাশাপাশি জাতীয় হজ এবং ওমরাহ নীতি-২০১৬ খসড়ার অনুমোদন দেওয়া হয়। ১১ জানুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, মন্ত্রিসভা হজ প্যাকেজ অনুমোদন দিয়েছে। তিনি জানান, হজের জন্য সরকারিভাবে খরচ ধরা হয়েছে কোরবানিসহ ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা। মৌলিক ও অভিন্ন খরচ ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। গতবছরের চেয়ে এবার মৌলিক ও অভিন্ন খরচ বেড়েছে ৭ হাজার টাকা। এছাড়া সরকারিভাবে ৫ হাজার এবং বেসরকারিভাবে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন এবার হজে যাওয়ার সুযোগ পাবেন বলেও মন্ত্রিসভায় জানানো হয়।



