সামুদ্রিক বাণিজ্য সুরক্ষা, চোরাচালান, সন্ত্রাস, অবৈধ মৎস্য আহরণ ও পরিবশে দূষণ বন্ধ করতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় ভারত মহাসাগরীয় অঞ্চলে সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা চালানোর আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ১১ জানুয়ারি সকালে রাজধানীর হোটেল রেডিসনে তিন দিনব্যাপী ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস)- ২০১৬ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আবদুল হামিদ বলেন, মানবজাতির বৃহৎ কল্যাণে ভারত মহাসাগরীয় অঞ্চলের সবাইকে একত্রিত হয়ে একটি সত্তা হিসেবে কাজ করা উচিত। বিশাল সমুদ্রসম্পদ ব্যবস্থাপনা, সম্পদের কার্যকর ব্যবহারসহ সমুদ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা কোনো একক রাষ্ট্রের পক্ষে সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ১৩টি দেশের নৌবাহিনী প্রধান ও বাংলাদেশসহ ৩১টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের নৌবাহিনী প্রধান এম ফরিদ হাবিব, আইওএনএস’র সাবেক চেয়ারম্যানসহ অন্যরা বক্তব্য রাখেন।




