কর্ণফুলী টানেল ও ন্যাশনাল বার্ন ইউনিট প্রকল্পসহ প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে মোট ১২টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, একনেক সভায় ১৬ হাজার ৯৭৮ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে মোট ১২ প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।প্রকল্পগুলো বাস্তবায়নে সরকারি অর্থায়ন থেকে ১১ হাজার ৭২৫ কোটি ১৯ লাখ, প্রকল্প সাহায্য থেকে পাঁচ হাজার ২৪৮ কোটি ৬৯ লাখ ও নিজস্ব তহবিল থেকে চার কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।কর্ণফুলী টানেলকে বাংলাদেশের স্বপ্নের প্রকল্প উল্লেখ করে মন্ত্রী জানান, কর্ণফুলী টানেল প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে আট হাজার ৪৪৭ কোটি টাকা। এর মাধ্যমে কর্ণফুলীর তলদেশ দিয়ে যানবাহন যাতায়াত করবে। ২০১৬ সালের নভেম্বর মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়ে শেষ হবে ২০২০ সালের জুন মাসে।মন্ত্রী বলেন, ন্যাশনাল ইউনিট ফর বার্ন অ্যান্ড ট্রাস্টেড সার্জারি প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৫২২ কোটি ৩৯ লাখ টাকা। এ দু’টি প্রকল্পসহ একনেক সভায় মোট ১৬ হাজার ৯৭৮ কোটি ৮০ লাখ টাকার ১২টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।



