জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর মৃত্যু পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মৃত্যু পরোয়ানা দু’টি এখন কারাগার, স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে পাঠাবেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল আলম ঝিনুক। এ পরোয়ানার ভিত্তিতে দেশের শীর্ষ এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকরে পরবর্তী প্রক্রিয়া শুরু করবে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মুজাহিদ ও সাকা চৌধুরীর পৃথক দুই মৃত্যু পরোয়ানায় সই করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক এবং বিচারিক প্যানেলের সদস্য বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দী। এরপর মৃত্যু পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার। কিছুক্ষণের মধ্যেই লাল কাপড়ে মোড়ানো মৃত্যু পরোয়ানার সঙ্গে মুজাহিদ-সাকার আপিল মামলার পূর্ণাঙ্গ চূড়ান্ত রায়ের অনুলিপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠাবেন তিনি।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের কপিটি আইজিপি (প্রিজন) এর বরাবরে পাঠানো হবে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের (ঢাকার জেলা প্রশাসক) কাছে পাঠানো হবে মৃত্যু পরোয়ানার অনুলিপি। রেজিস্ট্রার জানান, বুধবার রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পেয়ে বৃহস্পতিবার সকালে ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করি। তিন বিচারপতি স্বাক্ষর করেছেন। এখন কিছু আইনি প্রক্রিয়া শেষে দু’টি মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে আইজিপি (প্রিজন) বরাবর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে দেবো।
আইন অনুসারে কারা কর্তৃপক্ষ হাতে পাওয়ার পর মৃত্যু পরোয়ানা দণ্ডপ্রাপ্ত আসামিদের পড়ে শোনাবেন। এরপর আসামিরা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইবেন কি-না অথবা রিভিউ আবেদন করবেন কি-না তা তাদের কাছে জানতে চাওয়া হবে। দণ্ডপ্রাপ্ত আসামিরা ইচ্ছা করলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে পারবেন। ক্ষমা না চাইলে ফাঁসি কার্যকর করার শেষ ধাপগুলো সম্পন্ন করা হবে। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের দিন থেকে রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করার জন্য ১৫ দিনের সময় পাচ্ছেন আসামিপক্ষ। তারা যদি এ সময়ের মধ্যে রিভিউ করেন তাহলে ফাঁসি কার্যকর প্রক্রিয়া স্থগিত থাকবে। রিভিউ নিষ্পত্তির পর বা রিভিউ খারিজ হলে এ প্রক্রিয়া ফের শুরু হবে।




