রাজশাহীর বাগমারা উপজেলার শিকদারী এলাকার নিজ বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা ও বাংলা ভাইয়ের উপদেষ্টা লুৎফর রহমান মাস্টারকে আটক করেছে র্যাব ৫। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। র্যাব ৫’র রেলওয়ে কলোনি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক লুৎফর রহমান মাস্টার দশটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদে তথ্য পেয়ে বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক লুৎফর রহমান বাংলা ভাইয়ের অন্যতম উপদেষ্টা ছিলেন। তাকে রেলওয়ে কলোনি ক্যাম্পে নিয়ে আসা হচ্ছে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।




