রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনটানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ ৪৬৪ কিলোমিটার সড়ক

টানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রামে ক্ষতিগ্রস্থ ৪৬৪ কিলোমিটার সড়ক

টানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের ৮ উপজেলা ও সিটি কর্পোরেশনের ৬টি ওয়ার্ডের কাঁচাপাকা মিলিয়ে মোট ৪৬৪ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এর মধ্যে সন্দ্বীপ উপজেলায় ১০ কিলোমিটার সড়ক একেবারে ধ্বংস হয়ে গেছে।  এছাড়া বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকায় ৮ কিলোমিটার বেড়িবাঁধ মারাত্মকভাবে এবং ২৮ কিলোমিটার অংশ সামান্য ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ সড়ক ও বেড়িবাঁধ মেরামতে সরকারের উচ্চ পর্যায়ে চিঠি দিয়েছে জেলা প্রশাসন। বন্যা ও ঘূর্ণিঝড় কোমেনে বিভিন্ন খাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণে আগামী ৯ আগস্ট সমন্বয় সভা আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টানা বর্ষণ ও ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে চট্টগ্রামের ১০ উপজেলার ১৩০টি ইউনিয়ন, ৫টি পৌরসভা ও সিটি করপোরেশনের ৬টি ওয়ার্ড ক্ষতিগ্রস্থ হয়েছে।  এর মধ্যে বাঁশখালী উপজেলায় ৫৭ কিলোমিটার পাকা সড়ক ও ২০৭ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া সীতাকুণ্ড উপজেলায় ৩ কিলোমিটার পাকা এবং ১০ কিলোমিটার কাঁচা সড়ক, রাঙ্গুনিয়ায় সাড়ে ৭ কিলোমিটার পাকা এবং ১৬ কিলোমিটার কাঁচা সড়ক, বোয়ালখালীতে ৬০ কিলোমিটার কাঁচা সড়ক, পটিয়ায় ৩৬ কিলোমিটার কাঁচা সড়ক, চন্দনাইশে ১০ কিলোমিটার কাঁচা সড়ক, সন্দ্বীপে ৩০ কিলোমিটার কাঁচা সড়ক, আনোয়ারায় ১২ কিলোমিটার কাঁচা সড়ক ও সিটি করপোরেশনের ছয়টি ওয়ার্ডে সাড়ে ৩ কিলোমিটার পাকা ও ২ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। এদিকে সন্দ্বীপ উপজেলায় ১০ কিলোমিটার সড়ক একেবারে ধ্বংস হয়ে গেছে।

জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্থ সড়কগুলো চিহ্নিত করে তালিকাভূক্ত করেছি।  ইতিমধ্যে মন্ত্রণালয়ে ক্ষতির পরিমাণ উল্লেখ করে চিঠি পাঠিয়েছি।  তবে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। তাই আগামী ৯ আগস্ট ক্ষতিগ্রস্থ এলাকার সংসদ সদস্য ও বিভিন্ন সংস্থা  সমন্বয়ে সভা আহ্বান করা হয়েছে। ’

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ