প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটিয়ে ধীরে ধীরে কর্মব্যস্ত জীবনে ফিরছেন নাড়ির টানে বাড়ি ফেরা রাজধানীবাসী। মহাসড়কে খুব বেশি যানজট না থাকায় স্বস্তিতেই ফিরছেন সাধারণ মানুষ। বিভিন্ন জেলা থেকে রাতে ছেড়ে আসা বাসগুলো সঠিক সময়েই বাসস্ট্যান্ডে পৌঁছেছে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিড়ম্বনা পোহাতে হচ্ছে যাত্রীদের। মঙ্গলবার দুপুরে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঈদের ছুটি শেষে ফের বাড়ি ফিরছেন কর্মমুখী মানুষ। তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এখনো ঢাকামুখী হয়নি শিক্ষার্থীরা।
৪ দিনের ছুটি শেষে রাজবাড়ি থেকে ঢাকা ফিরছেন মনসুর আলম (৩৬)। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। তিনি বলেন,আগামীকালও আমার ছুটি আছে। একটু আগেভাগে ফিরলাম কারণ যানজটে পড়লে আসতে অনেক ভোগান্তি পোহাতে হয়। একটু বিশ্রাম নিয়ে কাজে যোগ দিতে পারবো। এসআর ট্রাভেলস’র এক যাত্রী সুমী রহমান (২৯) বলেন, বগুড়া থেকে ফিরলাম। সরকারি চাকরি করি। কাল থেকে অফিস শুরু। বৃষ্টির কারণে এবার বাড়ি গিয়ে কোথাও বেড়াতে যেতে পারিনি। তাই পরিবার নিয়ে ঈদের ছুটি কাটিয়ে ফিরে এলাম। রাস্তায় তেমন কোন যানজট চোখে পরেনি।
গাবতলী টার্মিনালে ঈগল পরিবহন থেকে নামছেন আরেক যাত্রী সাইফুল ইসলাম। তিনি খুলনা থেকে বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘ছুটি শেষ এবার কাজ শুরু। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে আবারো কর্মব্যস্ত শহর ঢাকায় ফিরে এলাম। তবে সুবিধা হলো এবার বাড়ি থেকে আসতে বেশি ভোগান্তিতে পড়তে হয়নি। স্ত্রী সন্তান নিয়ে বেশ সাচ্ছন্দ্যেই ঢাকা ফিরতে পেরেছি। বাস কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, সকাল থেকে দক্ষিণবঙ্গের বাসে চাপ বেশি ছিলো। উত্তরবঙ্গ থেকে এখনো তেমন যাত্রী আসা শুরু করেনি। হানিফ পরিবহন কাউন্টারের কর্মচারী পিন্টু জানান, কাল রাত থেকে যাত্রী আসা শুরু করেছে। রাতে বরিশাল থেকে ছেড়ে আসা বাসগুলো সময় মতোই টার্মিনালে পৌঁছেছে। বিকেলে আসবে সকালে ছাড়া বাসগুলো। খবর নিয়ে জানা গেছে মহাসড়কে তেমন যানজট নেই।
আরেক কর্মচারী বাবলু বলেন, সকাল থেকে টার্মিনালে হালকা যাত্রীচাপ ছিলো। সময় অনুযায়ী বাস টার্মিনালে আসছে। তবে আজ বিকেল থেকে যাত্রী চাপ এবং যানজট বাড়ার সম্ভাবনা আছে বলে জানান তিনি। এদিকে টার্মিনালে বাড়িফেরত যাত্রীদের যেকোন সমস্যা এড়াতে কাজ করে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাবতলী বাস টার্মিনালে দায়িত্বরত মিরপুর ৠাব ৪ এর উপ-সহকারী পরিচালক মো. মামুন হাওলাদার জানান, বিভিন্ন বিভাগ থেকে কম বেশি ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা। তবে এখনো তাদের কাছ থেকে তেমন কোন অভিযোগ পাওয়া যায়নি। বেশ স্বস্তি এবং নিরাপদেই ঢাকায় ফিরছেন রাজধানীমুখী মানুষ।




