বঙ্গোপসাগরে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার প্লেন এফ-৭ এমবি ৪১৬ এর ধ্বংসাবশেষের অংশ বিশেষ উদ্ধার করেছে অনুসন্ধানকারী দল। সোমবার দুপুর তিনটার দিকে বঙ্গোপসাগরের তলদেশে বিধস্ত বিমানের ধ্বংসাবশেষের তিনটি অংশের সন্ধান মেলে। তবে নিখোঁজ পাইলটের এখনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদের খোঁজে বঙ্গোপসাগরে ঘটনাস্থলের আশপাশ এলাকায় অনুসন্ধান চালাচ্ছে বাংলাদেশ নৌ বাহিনী, কোস্টগার্ড ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটি থেকে অভ্যন্তরীণ নিয়মিত উড্ডয়নের অংশ হিসেবে প্লেনটি উড়াল দেয়। ১১টা ১৪ মিনিটের দিকে বিমানবাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাড়ে এগারোটার দিকে বঙ্গোপসাগরে প্লেনটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়। অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতে অপেক্ষা করছেন বিমানবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনাস্থলে থাকা বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার জোয়ার্দার এসব বিষয় নিশ্চিত করেন।



