পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি করার অভিযোগে নগরীর রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। রমজানের প্রথমদিন নগরীর বিয়াজউদ্দিন বাজারে দুই আড়তদারসহ তিন সবজি বিক্রেতাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং পাঁচজন বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন,‘রমজান উপলক্ষে শাক সবজিসহ বিভিন্ন ভোগ্য পণ্যের মূল্য কৃত্রিমভাবে বৃদ্ধি করার অভিযোগে তিন বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে। এছাড়া ৫ জন বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসন সূত্র জানায়, নগরীর রিয়াজউদ্দিন বাজারের সবজি আড়তদার মো.জসীম মেম্বারকে ৩০ হাজার টাকা, আবুল বশরকে ১০ হাজার টাকা ও বিক্রেতা মো.শহীদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সকালে কম দামে এবং দুপুরে বর্ধিত মূল্যে কাঁচামরিচসহ কাঁচাবাজার বিক্রির অভিযোগে সবজি বিক্রেতা মো.জনিকে ১৫ দিন, আমিনুর রহমানকে ৭ দিন, রতন চক্রবর্তীকে ৭ দিন, রফিকুল ইসলামকে ৭দিন ও আতাহার হোসেনকে ৭ দিন জেল দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বলেন, ‘যারা অস্বাভাবিকভাবে বাড়তি দামে পণ্য বিক্রি করছে তাদের আমরা জরিমানা করেছি। রিয়াজউদ্দিন বাজারে আজকে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো যাতে যারা এখান থেকে কিনে নিয়ে বিক্রি করেন তারা সঠিক দামে কিনতে পারেন এবং ক্রেতাদের কাছে সঠিকদামে বিক্রি করতে পারেন। ’
এদিকে মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত কোন নকল খাদ্যদ্রব্য, খাদ্যোপকরণ আমদানি, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ, কালোবাজারি, মজুদদারি ভেজাল সেমাই, ঘি সহ ভোগ্যপণ্যে ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশানোর কাজে জড়িতদের বিরুদ্ধে তথ্য দিয়ে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক পরিচালিত নিম্নোক্ত ৩টি মোবাইল কোর্টকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম, মোবাইল নম্বর ০১৭১৬১৮৫৯০৫, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ ইমতিয়াজ, মোবাইল নম্বর ০১৭৮৮৫৫০৭১০, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান, মোবাইল নম্বর ০১৭১৬৯৭৩০৩৬।




