জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের আংশিক জেরা সম্পন্ন হয়েছে। মামলার প্রধান আসামি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে তাকে জেরা শুরু করেছেন তার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। আগামী ২৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় প্রথম সাক্ষীর বাকি জেরা ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার করা দুই সময়ের আবেদনের শুনানি শেষ হয়েছে। একই সঙ্গে শেষ হয় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের করা সময়ের আবেদনেরও শুনানি। আদালত শুনানি শেষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা করার আদেশ দিলে তা শুরু হয়।
জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ওই দুই দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে। বৃহস্পতিবার মামলা দু’টিরই বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদকে আসামিপক্ষের জেরা এবং পরবর্তী সাক্ষীর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। হারুন-অর-রশিদ গত ২৫ মে পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন আদালতে।
তবে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তার সাক্ষ্য নেওয়ার দিনগুলোতে খালেদা জিয়া অনুপস্থিত থাকায় এ সাক্ষ্যগ্রহণ আইনানুগ হয়নি উল্লেখ করে তা বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন জানান খালেদার আইনজীবীরা। উচ্চ আদালতে রিট মামলাটি শুনানির অপেক্ষায় রয়েছে উল্লেখ করেই এ মামলাটিতে ওই সাক্ষীর জেরা পেছাতে সময়ের আবেদন জানান খালেদা। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায়ও একই সাক্ষীর জেরা পেছাতে সময়ের আবেদন জানান তার আইনজীবীরা। এ জেরা করতে প্রস্তুতি নেই বলে আবেদনে উল্লেখ করা হয়েছে। প্রস্তুতির অভাবকে কারণ দেখানো হয় অপর দুই আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের করা সময়ের আবেদনেও।
খালেদা ও অন্য আসামিদের এসব আবেদনের পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন খোকন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। শুনানি শেষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা পেছানোর আবেদন নামঞ্জুর করলেও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় জেরা পেছানোর আবেদন মঞ্জুর করে ২৩ জুলাই দিন ধার্য করে দেন আদালত। সকাল দশটা ৩২ মিনিটে এজলাসে উঠে শুনানি শুরু করেন বিচারক। সকাল সাড়ে দশটায় আদালতে পৌঁছে দশটা ৩৫ মিনিটে এজলাসকক্ষে পৌঁছেন মামলা দু’টির প্রধান আসামি খালেদা জিয়া । সকাল সাড়ে নয়টায় তিনি গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওয়ানা দেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রাষ্ট্রপক্ষের সাত সাক্ষীর অন্য ছয়জন হচ্ছেন- সোনালী ব্যাংকের ম্যানেজার হারুনুর রশিদ, অফিসার (ক্যাশ) শফিউদ্দিন মিয়া, আবুল খায়ের, প্রাইম ব্যাংকের সিনিয়র অফিসার সিরাজুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দা নাজমা পারভীন ও ভাইস প্রেসিডেন্ট আফজাল হোসেন। হারুন-অর রশিদ ছাড়াও এসব সাক্ষীরাও আদালতে হাজির ছিলেন। দুই মামলায়ই হারুন-অর-রশিদকে আসামিপক্ষের জেরা শেষ না হওয়ায় তাদের সাক্ষ্যগ্রহণ করা হয়নি বলে জানান দুদকের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল।
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আসামি মোট ছয়জন। খালেদা ছাড়া অন্য পাঁচজন হলেন- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও খালেদার বড় ছেলে তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান। আসামিদের মধ্যে ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান মামলার শুরু থেকেই পলাতক, বাকিরা জামিনে আছেন।
অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় মোট আসামি চারজন। খালেদা ছাড়া অভিযুক্ত অপর তিন আসামি হলেন- খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খান জামিনে আছেন। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক। জামিনে থাকা দুই মামলার আসামিরাও আদালতে হাজির রয়েছেন।




