বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাবেক ভাইস-প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারের বিরুদ্ধে সংস্থার তহবিল তসরুপের অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে মার্কিন গোয়েন্দারা। খবর বিবিসির। খবরে বলা হয়, ২০১০ সালে হাইতিতে ভয়ংকর ভূমিকম্পের কয়েক মাস পর ওয়ার্নার দেশটি সফরে যান এবং সাতশ’ পঞ্চাশ হাজার ডলারের একটি তহবিল গঠন করেন। এরপর সেই তহবিলের অর্থ ওয়ার্নার নিজের ব্যক্তিগত ব্যাংক এ্যাকাউন্টে স্থানান্তর করেছেন বলে জানাচ্ছে তদন্ত কর্মকর্তারা। তবে নিজের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্নার। এর আগে ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দুই দেশ যথাক্রমে রাশিয়া ও কাতারকে বেছে নেওয়ার ক্ষেত্রেও ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে।



