ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের একদিন আগেই তিনি ঢাকায় পৌঁছালেন। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান। দু’দিনের সফরে নরেন্দ্র মোদির শনিবার সকাল ১০টার দিকে ঢাকা পৌঁছানোর কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ১৯৯৮ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন মমতা।



