ঝাড়ুদার, মালি, দারোয়ানের মতো চতুর্থ শ্রেণির ১১ কর্মচারীকে অবশেষে পোলিং কর্মকর্তা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার বিকেলে রিটার্নিং কর্মকর্তা মো. শাহ আলম সাংবাদিকদের জানান, মিরপুরের হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ যেসব শিক্ষকদের তালিকা দিয়েছিলেন, সেখানে ওই ১১ কর্মচারীর পদবি উল্লেখ করা ছিল না। তাই ভুল করে তাদেরও পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু বিষয়টি নজরে আসায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তবে অধ্যক্ষ কেন চতুর্থ শ্রেণির ওই ১১ জনের পদবি উল্লেখ করে কর্মকর্তা-কর্মচারীর তালিকা পাঠাননি তার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ঝাড়ুদার, মালি, দারোয়ানসহ ১১ চতুর্থ শ্রেণির কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছিল। শুক্রবার বাংলানিউজসহ অন্য সংবাদ মাধ্যমগুলোতে খবরটি প্রকাশিত হলে বিব্রতকর অবস্থায় পড়ে নির্বাচন কমিশন (ইসি)। অবশেষ বিকেলেই তাদের অব্যাহতি দেওয়া হয়।



