শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয় ওমানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ

ওমানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ

দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত পরামর্শ বৈঠক (এফওসি) অনুষ্ঠানের লক্ষ্যে ওমানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। রোববার ওমানের রাজধানী মাস্কটে এ সমঝোতা স্মারকে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ওমানের পক্ষে স্বাক্ষর করেন দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসায়দি। এ সময় ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা প্রদানের আশ্বাস দেয় ওমান। শনিবার দুই দিনের সরকারি সফরে ওমান পৌঁছান শাহরিয়ার আলম। রোববার সফরের প্রথম দিনে ওমানের স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে ওমানের সরকারি ও বেসরকারি খাতে আরও জনশক্তি প্রেরণে বাংলাদেশের আগ্রহের কথা ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বর্তমানে ওমানে ৩শতাধিক বাংলাদেশি চিকিৎসক এবং উল্লেখযোগ্য সংখ্যক বিশ্ববিদ্যালয় শিক্ষক কর্মরত আছেন উল্লেখ করে শাহরিয়ার আলম আরও বেশি সংখ্যক শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ এবং অন্যান্য পেশার দক্ষ বাংলাদেশি পেশাজীবীকে নিয়োগ দেয়ার জন্য ওমানের প্রতি আহ্বান জানান। এছাড়া ইয়েমেনে আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধারে শাহরিয়ার আলমের অনুরোধের প্রেক্ষিতে তাদের উদ্ধারে সব ধরনের সহায়তা দেয়ার অাশ্বাস দেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় ওমানি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান শাহরিয়ার আলম। সাদরে এ আমন্ত্রণ গ্রহণ করেন ওমানি পররাষ্ট্রমন্ত্রী। সফরের শেষদিন সোমবার ওমানের জনশক্তি মন্ত্রী এবং ও দেশটির চেম্বার অব কমার্সের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ