দশম জাতীয় সংসদের একবছর পূর্ণ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরমধ্যে দশম সংসদকে অবৈধ দাবি করে সারাদেশব্যাপী অবরোধের ডাক দিয়েছে বিএনপি ও এর সহযোগী দলগুলো। এ আন্দোলন সংগ্রামের মধ্যেই শুরু হচ্ছে আরও একটি অধিবেশন। বিএনপি-জামায়াত জোটের বর্জনের মধ্য দিয়ে গত বছরের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের পর গঠিত দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২০১৪ সালের ২৯ জানুয়ারি। গত ৩০ নভেম্বর শেষ হয় সংসদের চতুর্থ অধিবেশন।
সাংবিধানিক রীতি অনুযায়ী, বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি বক্তব্য দিয়ে থাকেন। রাষ্ট্রপতির বক্তব্যে সরকারের সার্বিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়। এছাড়া দেশ ও জাতির জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেন রাষ্ট্রপতি। এ বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে সাধারণ আলোচনা হবে। সংসদ সচিবালয় সূত্র জানায়, অন্যান্য বছরের মতো এবারও বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হবে। গত বছর প্রথম অধিবেশনের মেয়াদ ছিলো ৩৬ কার্যদিবস।




