বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......রানা প্লাজার শ্রমিক হত্যাকাণ্ড বিষয়ক সংকলন ‘হাজার প্রাণের চিৎকার’ এর মোড়ক উন্মোচিত...

রানা প্লাজার শ্রমিক হত্যাকাণ্ড বিষয়ক সংকলন ‘হাজার প্রাণের চিৎকার’ এর মোড়ক উন্মোচিত

রানা প্লাজার শ্রমিক হত্যাকাণ্ড বিষয়ক সংকলন ‘হাজার প্রাণের চিৎকার’ এর মোড়ক উন্মোচিত হয়েছে। ০২ জানুয়ারি শুক্রবার সকালে বিশ্বসাহিত্য কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করেন রানা প্লাজায় নিহত শ্রমিকদের স্বজন ও সুধীবৃন্দ। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সংকলিত এ বইয়ের প্রথম অধ্যায়ে ২১ জন নিহত ও নিখোঁজ শ্রমিকের কাহিনী চিত্রিত করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ে আহত শ্রমিক ও উদ্ধারকারীদের লৌমহর্ষক বর্ণনা, চতুর্থ অধ্যায়ে নিখোঁজ শ্রমিকদের তালিকা, পঞ্চম অধ্যায়ে ট্র্যাজেডি ও ফেসবুক স্ট্যাটাস, ষষ্ট অধ্যায়ে দুর্ঘটনা বিষয়ে বিভিন্ন লেখক ও সুধীজনের লেখনী সন্নিবেশিত হয়েছে।
প্রকাশনা অনুষ্ঠানে প্রফেসর (ইমেরিটাস) সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, এটি ইতিহাসের সংগ্রহমূলক বই। এটা এক অসামান্য কাজ। শ্রমিকদের চিৎকার, ধিক্কার, কান্না ও প্রতিবাদের সম্মিলন এ বই। তিনি বলেন, যে কোনো দুর্ঘটনার উদ্ধার কাজে রাষ্ট্রযন্ত্র কেমন করে জানি ব্যর্থ হয়ে যায়। শিশু জিহাদের ঘটনা তার সর্বশেষ উদাহরণ।

অধ্যাপক আনু মুহম্মদ তার বক্তব্যে বলেন, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকরা এখনও ক্ষতিপূরণ পায়নি। এমনকি বিভিন্ন দাতাদের কাছ থেকে পাওয়া ১০০ কোটির বেশি টাকা প্রধানমন্ত্রীর কাছে জমা আছে। তা শ্রমিকদের দেওয়া হচ্ছে না। ওই টাকাগুলোর সুদ কে খাচ্ছে?  তিনি বলেন, সরকার দেশকে ডিজিটাল করার জন্য হাজার কোটি টাকা খরচ করছে। অথচ রানা প্লাজায় উদ্ধারকাজের জন্য হাতুড়ি-শাবল খুঁজতে হয়। ফায়ার সার্ভিসের আধুনিকায়নের কোনো উদ্যোগ এখনও পর্যন্ত দেখা যায়নি।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি তাসলিমা আক্তারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মানবাধিকার সংগঠক ও লেখক হামিদা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজীব মীর, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেঁওতী সবুর, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি এবং দুর্ঘটনায় নিহত পরিবারের স্বজনরা।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ