সংবাদ সম্মেলনে কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল বলেন, ‘আমার পিতাকে হত্যার ৩৪৮ দিন পর আপিল বিভাগ থেকে আমার বাবার দায়ের করা রিভিউ আবেদনের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এই রায়ে রিভিউ মেইনটেনেবল বলে সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। সেখানে বলা হয়, রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করা যাবে। অথচ রায় প্রকাশের ৭ দিনের মাথায় তার ফাঁসি কার্যকর করা হয়।’
হাসান জামিল বলেন, ‘আমার বাবা দুনিয়া থেকে বিদায়ের আগে জানতেই পারলো না, সংবিধান অনুসারে তার রিভিউ করার অধিকার আছে কি-না। যখন আইনের পূর্ণাঙ্গ আশ্রয় নেয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়, তখন সেটা হত্যাকাণ্ড ছাড়া আর কিছু নয়।’ ‘এই সরকার আমার পিতাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেছে। এমনকি এই জালেম সরকার আমার পরিবারের সদস্যদেরকে জানাজায় অংশ নেয়ার সুযোগ দেয়নি। আমার বাবার মৃতদেহ শেষবারের মতো একবার দেখার সুযোগও দেওয়া হয়নি।’ হাসান জামিল আরো বলেন, ওই রাতে আমাদের পরিবারের উপর হামলা হলো, জেলে নেওয়া হলো। এটা এতবড় জুলুম যা অবশ্যই দেশবাসী বিচার করবেন। ‘আমি এ দেশের মানুষের বিবেকের আদালতে এই সরকারের অন্যায় ও জুলুমের বিচার চাই। ন্যায়বিচার বঞ্চিত এক অসহায় পিতার সন্তান হিসাবে এই জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাই’, যোগ করেন হাসান জামিল।




