বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্মসচিব এ কে এম জাহাঙ্গীরকে অবসরে পাঠিয়েছে সরকার। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) মহিবুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়, চাকরির ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাকে চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করছে। সেহেতু সরকারি কর্মচারী আইন, ১৯৭৪ এর ৯(২) ধারায় সরকার তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ‘তিনি অবসরকালীন সুবিধাদি পাবেন।’ গত ৪ ডিসেম্বর রাতে যুগ্মসচিব জাহাঙ্গীরের নেতৃত্বে প্রায় ৩০ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী রাজধানীর গুলশানে রাজনৈতিক কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে, এ কে এম জাহাঙ্গীর বিগত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এপিডি (নিয়োগ পদায়ন ও প্রেষণ) অনুবিভাগের দায়িত্বে ছিলেন।



