মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁসের ঘটনায় দায়ের করা মামলায় তার আইনজীবী ব্যারিস্টার ফখরুলের জামিন নামঞ্জুর করেছেন আদালত। রোববার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক কেএম শামসুল আলম তার জামিন নামঞ্জুর করেন। এর আগে ব্যারিস্টার ফখরুলকে আদালতে হাজির করে জামিন আবেদন করেন তার আইনজীবী অ্যাডভোকেট তাহেরুল ইসলাম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ১ অক্টোবর মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায় ঘোষণার আগেই সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রীসহ পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন এবং রায়ের খসড়া কপি সংবাদিকদের দেখান। এ ঘটনায় গত বছরের ৪ অক্টোবর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রমনা জোনের পরিদর্শক ফজলুর রহমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে রাজধানীর শাহবাগ থানায় এ মামলাটি করেন। গত ২৮ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক শাহজাহান হোসেন সাতজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র দেন। মামলার এজহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে পূর্বপরিকল্পিতভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংরক্ষিত কম্পিউটারে রক্ষিত ফাইল থেকে পেনড্রাইভের মাধ্যমে তথ্য সরবরাহ ও পরে অনলাইনে প্রকাশ করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অপরাধ করেছেন।



