মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা মোহাম্মদ কামারুজ্জামানের রায় কার্যকরের বিষয়ে সরকার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। এর আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও স্বরাষ্ট্র সচিব মোজাম্মেল হকের সঙ্গে অনির্ধারিত এক বৈঠক করেন আনিসুল হক। বৈঠকে অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুল হকও উপস্থিত ছিলেন। তবে অনির্ধারিত ওই বৈঠকে কামারুজ্জামানের দণ্ডাদেশের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান আইনমন্ত্রী। তিনি জানান, তাদের বৈঠকটি ছিল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এছাড়া বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মনিটরিং সেলে থাকা গুরুত্বপূর্ণ মামলা নিষ্পত্তি নিয়েও আলোচনা হয় বলে জানান মন্ত্রী।
উল্লেখ্য, গত ২ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানকে অভিযুক্ত করে ফাঁসির দণ্ডদেশ প্রদান করে। এর আগে গত বছরের ৯ মে কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। এদিকে কামারুজ্জামানের আইনজীবী মোহাম্মদ শিশির মনির রোববার জানিয়েছেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলেই তারা রিভিউ পিটিশন করবেন।



