শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদজাতীয়মগবাজারের তিনখুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মগবাজারের তিনখুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মগবাজারের তিনখুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক (অাইজিপি) হাসান মাহমুদ খন্দকার এবং পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাত সোয়া দশটায় মগবাজার রেলক্রসিংয়ের ওই বাড়িতে উপস্থিত হন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

পরপর দুইদিনে দু’টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আলামত কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই দু’টি ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দাবি করে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে থাকার দাবি করেন। তিনি বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। যে বা যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন এবং যে ইস্যুতেই এ খুনের ঘটনা ঘটুক না কেন দ্রুত খুনিদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে। আইজিপি হাসান মাহমুদ খন্দকার সাংবাদিকদের বলেন, আমরা ইতোমধ্যেই তদন্তের কাজ শুরু করেছি। খুব দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

উল্লেখ্য, রাত সোয়া আটটায় রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেট এলাকার সোনালীবাগে  অবস্থিত ৭৮ নং হোল্ডিংয়ের বাড়িতে ঢুকে বিল্লাল হোসেন (২২), মুন্না (২০) ও বৃষ্টি (৩২) নামের তিনজনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হন বৃষ্টির ছোট ভাই হৃদয়। তিনি বর্তমানে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, একটি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। নিহত বৃষ্টির ভাই শামীম জানান, বাড়ির দেওয়াল তৈরিকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু আমাদের ৭৮নং সোনালীবাগের বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি করে।

এর আগে গত বুধবার রাতে পূর্ব রাজাবাজারের নিজ ফ্ল্যাটে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে খুন হন চ্যানেল আইয়ের ইসলামবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী।

আরও পড়ুন

সর্বশেষ