চ্যানেল আইয়ের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের প্রতিবাদে চট্টগ্রামে অর্ধশতাধিক গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেছে তার ভক্ত-অনুসারীরা। বুধবার রাত সোয়া ১১টা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ভাঙচুর শুরু করে ফারুকীর প্রায় ৫ শতাধিক অনুসারী। এ সময় তারা সড়কের বিভিন্ন অংশে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা শহরের মুরাদপুর, জিইসির মোড়, দেওয়ানহাট, একে খান, ২নং গেট এসব ভাঙচুর চালায় ও আগুন জ্বালিয়ে সড়কে অবস্থানে নেয়।
এদিকে, খুনের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে অপর কয়েকশ অনুসারী। মহাসড়কে অবস্থান নেওয়ার ফলে চট্টগ্রাম থেকে তিন পার্বত্য জেলা ও কক্সবাজারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।




