চ্যানেল আইয়ের ইসলামিক অনুষ্ঠান ‘কাফেলা’ ও ‘শান্তির পথে’ অনুষ্ঠানের উপস্থাপক মাওলানা নুরুল ইসলাম ফারুকী খুনের ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান কামাল। বুধবার রাত সোয়া ১০টার দিকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান, শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্খিত ও অনভিপ্রেত। এর রহস্য উদঘাটন করা হবে। কে বা কারা এটা ঘটিয়েছে তা খুঁজে বের করা হবে। এ রকম হত্যাকাণ্ড নিরাপত্তার জন্য হুমকি কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই হুমকি। এ সব হত্যাকাণ্ডে মোটিভ থাকে। এখানে হত্যাকাণ্ডের পেছনে মোটিভ ছিল তা তদন্তের ফলাফলে জানা যাবে।
এদিকে, ফারুকী খুনের ঘটনা ছড়িয়ে পড়লে তার বাসার সামনে কয়েকশ অনুসারী ও ভক্ত জড়ো হয়ে খুনের বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১টা ২০ মিনিটে সদস্যের একটি সিআইডি দল ঘটনাস্থলে আসে এবং বাসার ভেতরে প্রবেশ করে। এর আগে রাত সোয়া ৯টায় রাজধানীর পূর্ব রাজাবাজারে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।




