শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিটিসিএলের অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

বিটিসিএলের অনিয়ম নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) অনিয়ম নিয়ে সংবাদ মাধ্যমে বিভিন্ন সময়ে প্রকাশিত সংবাদের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি। পাশাপাশি অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অতিদ্রুত এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে বলেছে সংসদীয় কমিটি। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই ব্যাখ্যা চাওয়া হয়।

সভাপতি শত্তকত আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুহিবুর রহমান মানিক, মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া, মো. হাবিবুর রহমান, মো. আব্দুল ওদুদ, আব্দুর রউফ ও এডভোকেট নাভানা আক্তার অংশ নেন। ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব, বিটিআরসি’র চেয়ারম্যান, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এসময় কমিটির বেশ কয়েকজন সদস্য প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে আসেন।

তারা বলেন, বিটিসিএল এখন দুর্নীতিবাজ কর্মকর্তাদের দখলে চলে গেছে। সেবার নামে তারা জনগণের অর্থ লুটে নিচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমগুলো সরব হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। আলোচনার প্রেক্ষিতে কমিটি সংবাদ মাধ্যমে প্রকাশিত অনিয়মের বিষয়ে ব্যাখ্যা চেয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করতে বলেছে সংশ্লিষ্টদের।

বৈঠকে রাষ্ট্রীয় মোবাইল ফোন কোম্পানি টেলিটক নিয়ে আলোচনা হয়। কমিটি টেলিটকের গ্রাহক সংখ্যা আরো বাড়াতে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। এছাড়া বৈঠকে টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়। কমিটি অবৈধভাবে পরিচালিত ভিওআইপি বন্ধে বিদ্যমান আইনের প্রয়োগ নিশ্চিত করার সুপারিশ করেছে।

আরও পড়ুন

সর্বশেষ