তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের জুলাই মাসের বেতন ও এক মাসের ওভারটাইমের টাকা আগামীকাল রোববার বেলা দুইটায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন থেকে দেওয়া হবে। শনিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ও শ্রমিকনেতারা এ বিষয়ে কয়েক দফা বৈঠক করেন। বৈঠক শেষে বিকেলে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানান।
আতিকুল ইসলাম জানান, জামিনে থাকা তোবা গ্রুপ ও তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনের কাছ থেকে শ্রমিকদের বেতনের টাকা আদায় করা হয়েছে। বিজিএমইএর সভাপতি আরও জানান, বেতন পরিশোধের সিদ্ধান্তকে শ্রমিকনেতারা স্বাগত জানিয়েছেন। তবে বৈঠকে তাঁরা তিনটি দাবি উত্থাপন করেছেন। দাবিগুলো হলো—অবিলম্বে বোনাস পরিশোধ করা, কারখানা চালু রাখা ও শ্রমিকদের বিরুদ্ধে যেন কোনো মামলা বা হয়রানি না করা হয়, তা নিশ্চিত করা। এ বিষয়ে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বোনাস যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করা হবে। শ্রমিকদের মামলা-হয়রানি যাতে না করা হয়, সে বিষয়ে সরকার সচেষ্ট থাকবে। তবে কারখানা খোলা বা বন্ধ রাখা সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না।
বিজিএমইএর আহ্বান
এদিকে আগামীকাল নির্ধারিত সময়ে বকেয়া বেতন ও ওভার টাইমের টাকা গ্রহণের জন্য বিজিএমইএ ভবনে উপস্থিত হতে তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের প্রতি অনুরোধ জানিয়েছে বিজিএমইএ কর্তৃপক্ষ। আজ সংগঠনটির মহাসচিব এহসান উল ফাত্তাহ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।




