রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ছুটিটা দারুণ জমেছে নেইমারেরও

ছুটিটা দারুণ জমেছে নেইমারেরও

ঘরের মাঠে বিশ্বকাপে কলম্বিয়া ম্যাচে মেরুদণ্ডের তৃতীয় কশেরুকায় চিড় ধরেছে, কিন্তু তাতে কী? হাতেগোনা দিনকয়েকের পুনর্বাসন ও বিশ্রাম। তারপরই দে ছুট! বার্সেলোনার হয়ে ইউরো ক্লাব ফুটবলের ব্যস্ত মৌসুম শুরুর আগে আরও অনেক তারকা ফুটবলারের মতো ব্রাজিলিয়ান মেগাস্টার নেইমারও চুটিয়ে ছুটি উপভোগ করায় ব্যস্ত। সঙ্গে চলছে স্পন্সর আর বিজ্ঞাপনদাতাদের আবদার মেটানোও। যাকে বলে ‘রথ দেখা আর কলা বেচা’ চলছে একসঙ্গে। বৃহস্পতি তুঙ্গে হলে যা হয় আর কি!
এই তো দিনকয়েক আগে স্পন্সরদের এক বিশেষ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাপানে। সেখানে ছুটির আনন্দে স্পন্সরদের চাহিদা মিটিয়ে উড়াল দিয়েছেন স্পেনে। না, ন্যু ক্যাম্পে নয়, তার এখনও বাকি আছে। চলে গেছেন বিনোদন দ্বীপ ইবিজায়। সেখানে উঠেছেন নামিদামি হিলটন হোটেলে। যে চেইন হোটেলের প্রতিষ্ঠাতা লাস্যময়ী হলিউড তারকা প্যারিস হিলটনের বাবা কনরাড হিলটন।
২২ বছর বয়সী ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার এখন হিলটন হোটেলে জমিয়ে আড্ডা আর পার্টিতে সময় কাটাচ্ছেন কনরাড হিলটনের মেয়ে প্যারিস হিলটনের সঙ্গে। পার্টিতে দু’জনের ঘনিষ্ঠ একাধিক ছবি নেইমার ইনস্টাগ্রামে ১০ মিলিয়ন অনুরাগীর কাছে পোস্ট করেছেন। দেখে মনে হচ্ছে, মেরুদণ্ডের ইনজুরি কোথায় উবে গেছে! এখন শুধু শরীর আর মনকে চাঙ্গা করে তোলার মিশন। কারণ সামনে তো লম্বা, কঠিন ফুটবল মৌসুম অপেক্ষা করছে।তারকা ফুটবলারদের সঙ্গে দহরম-মহরম অবশ্য নতুন কিছু নয় ৩৩ বছর বয়সী হলিউড নায়িকা প্যারিস হিলটনের জন্য। ২০০৯ সালে লাস ভেগাসে তিনি ডেটিং করেছিলেন হালের রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে। নেইমার যে শুধু প্যারিসের সঙ্গেই সময় কাটাচ্ছেন তা নয়। হোটেলে এবং হোটেলের বাইরে আরও অনেক সেলিব্রেটি তারকার সঙ্গেই মাস্তি করছেন তিনি। ইনস্টাগ্রামে সেই ছবিও পোস্ট করেছেন ব্রাজিল ফুটবল তারকা।
এরই ফাঁকে জার্মান তারকা বাস্টেইন শোয়েইন্সটিগারকে তার ৩০তম জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন নেইমার। দু’জনের একটি ছবি পোস্ট করে নেইমার লিখেছেন-‘শুভ জন্মদিন বাস্টেইন।’ আসলে বার্সার হয়ে মাঠে নামার আগে চুটিয়ে আর জমিয়ে ছুটি উপভোগ করছেন নেইমার। আগামী সপ্তাহেই যোগ দেবেন ন্যু ক্যাম্পে। খেলতে চান মৌসুমে বার্সার প্রথম ম্যাচ, মেক্সিকান ক্লাব লিওর বিপক্ষে, গাম্পার ট্রফির ফাইনালে। যেটি হবে ১৮ আগস্ট।
আরও পড়ুন

সর্বশেষ