ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বর হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫ জনে। গতকাল মঙ্গলবার শেষ বেলায় গাজায় ইসরাইলি বিমান হামলায় ছয়জন নিহত হয়। গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বর্বর হামলায় অন্তত ৬০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিন গাজার অন্তত ১৫০টি স্থাপনা আঘাত হানে ইসরাইলি বিমান ও ট্যাঙ্ক। তারা ৫টি মসজিদ ও একটি স্টেডিয়ামও ধ্বংস করে দেয়। তবে এবার ইহুদিবাদী রাষ্ট্রটিও ব্যাপক ক্ষয়ক্ষতির মুখোমুখি হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী স্বীকার করেছে গাজায় ইসরাইলের স্থল অভিযান শুরুর পর থেকে তাদের অন্তত ৩০ সেনা নিহত হয়েছে। ইহুদি রাষ্ট্রের জন্য এটা একটা নজিরবিহীন বিপর্যয়। নিকট অতীতে কোনও যুদ্ধে, বিশেষ করে গাজা আগ্রাসনে ইসরাইলের এতো সৈন্য প্রাণ হারায়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গাজা নিয়ন্ত্রণকারী হামাসকে যুদ্ধবিরতির জন্য মিশরীয় প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে মিশরের বর্তমান সরকারের ওই প্রস্তাব ব্যাপকভাবে ইসরাইলের প্রতি পক্ষপাতদুষ্ট হওয়ার অভিযোগে হামাস তা প্রত্যাখ্যান করেছে। এছাড়া ইসরাইল গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামলা চালিয়েছে। সেখানে অসহায় ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিল। ইসরাইল এর আগে গাজায় নিরীহ ফিলিস্তিনের ঘরবাড়ির পাশাপাশি বহু মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে। জীবন বাঁচাতে বর্তমানে জাতিসংঘের বিভিন্ন আশ্রয় শিবিরে অবস্থান করছে লক্ষাধিক ফিলিস্তিনি। আল জাজিরা।



