রবিবার, আগস্ট ১৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়শিশুদের নৈতিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ইউএনএফপিএ ৭০ মিলিয়ন ডলার সহায়তা দেবে

শিশুদের নৈতিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ইউএনএফপিএ ৭০ মিলিয়ন ডলার সহায়তা দেবে

শিশুরা যেন বড় হয়ে কোনো ধরনের অপরাধ ও প্রতিহিংসায় জড়িয়ে না পড়ে তার জন্য অর্থ সহায়তা দিচ্ছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।  ‘জেনারেশন ব্রেক থ্রো’ শীর্ষক প্রকল্পের আওতায় ৫৬০ কোটি টাকা অর্থ সহায়তা দেবে সংস্থাটি। প্রকল্পটি পটুয়াখালী, বরগুনা, বরিশাল এবং ঢাকা জেলার ৩৫০টি স্কুলে পাঁচ বছরের জন্য বাস্তবায়িত হবে। স্কুলে ছোটবেলা থেকে শিশুরা তার সহাপাঠীদের সঙ্গে কিভাবে আচরণ করবে সেই বিষয়ে নৈতিক শিক্ষা দেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে নগরীর পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ নিয়ে ইউএনএফপিএ এর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাবেল ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্ত‍াফা কামালের মধ্যে বৈঠক হয়। বৈঠক প্রসঙ্গে ইউএনএফপিএ এর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাবেল জানান, শিশুদের ছোটবেলা থেকে নৈতিক শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ইউএনএফপিএ ৭০ মিলিয়ন ডলার সহায়তা দেবে। যাতে একটি শিশু বড় হয়ে ভালো দেশপ্রেমিক, ভালো নাগরিক, ভালো বাবা, ভালো মা, ভালো বন্ধু হতে পারে। যাতে করে একজন অপরকে এসিড নিক্ষেপ না করে। পাঁচ বছর মেয়াদী প্রকল্পের আওতায় কারিগরি ও গুণগত শিক্ষাও দেওয়া হবে যাতে করে বেকারত্ব কমে যায়।’ একই সময়ে পরিকল্পনামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এলা ডি ভুক্ষড।

নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্ত‍াফা কামাল জানান, ১০০ বছর মেয়াদী ডেল্টা প্ল্যানে নেদারল্যান্ডস আমাদের সহায়তা করবে। যেহেতু নেদারল্যান্ডেসের ৩০ ভাগ ভূমি নদীর নীচে অবস্থান করে। সেই হিসেবে নেদারল্যান্ডস জানে কিভাবে উপকূলীয় এলাকা ব্যবস্থাপনা করতে হয়। মন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ব-দ্বীপ প্রণয়নে সহযোগিতার বিষয়টি উঠে আসে। এছাড়া নদী খনন, ভূমি উদ্ধার, বাঁধ নির্মাণ, উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনজনিত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ