শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়রমজানে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

রমজানে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

রমজানে রাজধানী জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ। শনিবার দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে রমজানের নিরাপত্তা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

কমিশনার বলেন, রমজানে নগরবাসী যেন ধর্মীয় ভাবগাম্ভীয্যের মধ্যে পালন করতে পারে সেজন্য বিপুল সংখ্যক কমিউনিটি পুলিশকে সঙ্গে নিয়ে নিরাপত্তার বিধান করা হবে। বিশেষ করে ইফতার, তারাবি ও সেহেরির সময় নগরবাসী যেন নিরাপত্তাজনিত কোনো বিড়ম্বনার শিকার না হন সেদিক বিবেচনা করে নগরজুড়ে প্রতিবারের মতো এবারও নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল, ইব্রাহিম ফাতেমি, মারুফ হাসানসহ ডিএমপি’র উর্ধ্বতন কর্মকর্তারা।

বেনজির আহমেদ বলেন, পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ কাজ করবে। রমজানের প্রথম সপ্তাহ থেকেই কেনাকাটা শুরুর কারণে বড় বড় শপিংমল, মার্কেটের নিরাপত্তা নিশ্চিত করা হবে। ফুটপাতে ইফতারি ও ফলমূলের কোনো দোকান বসতে দেওয়া হবে না। একই সঙ্গে নগরবাসীকেও ফুটপাত থেকে ইফতার ও ফল না কেনার জন্য অনুরোধ জানান তিনি। ফুটপাতে এ সকল দোকান বসলেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এদের কারণে সড়কে যানজটের সৃষ্টি হয়।

বড় অংকের টাকা লেনদেনের সময় পুলিশকে জানানোর জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বার বার এ ব্যাপারে বলা সত্ত্বেও তারা অনুরোধ রাখছেন না। যেকোনো লেনদেনে পুলিশ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

ব্যাংকের উদ্দেশ্যে তিনি বলেন, যেহেতু ঈদের সময় প্রচুর টাকা লেনদেন হয় সেহেতু ব্যাংকগুলো এ সুবিধা নিতে পারে।

তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের ব্যাপক প্রসার ঘটায় রাজধানীর অলিগলিতেও এ সুবিধা দিচ্ছে ব্যাংকগুলো। কিন্তু তাদের পর্যাপ্ত নিরাপত্তা নেই। তারা আমাদেরকে এ বিষয়ে বলেও না। তাদের উচিৎ, প্রাইভেট নিরাপত্তার কাছ থেকে নিরাপত্তা কর্মী নিয়োগ দিয়ে মোবাইল ব্যংকিং নিরাপত্তা বজায় রাখা। এর পাশাপাশি তাদের নিরাপত্তায় ডিএমপি কাজ করবে।

তিনি বলেন, দেখা যায় রমজানের শুরুতে পণ্যমূল্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বর্তমানে পণ্য বাজারে পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানকে কেন্দ্র করে প্রচুর পণ্য আমদানি হয়েছে, পোর্টগুলোতে আরো পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। সুতরাং দাম বাড়ার কোনো কারণ নেই। ব্যবসায়ীরা যেন দাম না বাড়ায় সে ব্যাপারেও তিনি অনুরোধ জানান।

ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রমজানের প্রথমে পুরো মাসের বাজার না করাই উচিৎ। কেননা পণ্য যেহেতু মজুদ রয়েছে সেহেতু পরে কিনলেও কোনো সমস্যা নেই।

যানজট এড়াতে নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, অযথাই রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ঘুরে কেনাকাটা না করে বাসার পাশের মার্কেট থেকে কেনাকাটা করলে যানজটে পড়তে হবে না।

ফরমালিন নিয়ে তিনি ব্যবসায়ীদের বলেন, খাবারে কোনো রাসায়নিক দ্রব্য মিশিয়ে বিক্রি করবেন না। মানুষের ক্ষতি হয়, এমন কিছু করা থেকে বিরত থাকবেন। আমাদের মানুষের জীবনের কথা চিন্তা করা উচিৎ।

ডিএমপি কমিশনার জানান, রাজধানীর ২৩৬টি মার্কেটে স্থায়ীভাবে ফরমালিন পরীক্ষা করার বুথ চালু করা হবে বলে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাজ করবেন। লেখাপড়ার পাশাপাশি বাড়তি উপার্জন করতে পারবেন তারা। দেড় থেকে দুই হাজার শিক্ষার্থীর কর্মসংস্থানের সুযোগ হবেও বলে জানান তিনি।

তিনি বলেন, গত সপ্তাহ থেকে রাজধানীর বাইরে থেকে আসা ফলে ফরমালিন পাওয়া যাচ্ছে না। ডিএমপি’র পরিচালিত এ অভিযান সফল বলেও দাবি করেন তিনি। ফরমালিন পরীক্ষাকারী কীট সম্পর্কে বলেন, এটি দুই বছর আগে কেনা হয়েছে। দুই বছর আগে এটি নিয়ে কেউ কথা বলেননি। কিন্তু ডিএমপি যখন ফরমালিনবিরোধী বড় ধরনের অভিযান পরিচালনা করছে, ঠিক তখনই একটি মহল এটাকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও চালানো হবে।

ডিএমপি কমিশনার বলেন, যাদের সমর্থ রয়েছে তাদের বাসা-বাড়িতে অবশ্যই সিসি ক্যামেরা লাগানো উচিৎ। এতে আমাদেরও কাজ করতে সুবিধা হয়। কারণ, অনেকেই ঈদে বাড়ি চলে যান। এ সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখেই সিসি ক্যামেরা ও অ্যান্টি থিফ অ্যালার্ম লাগানো উচিৎ। পাশাপাশি শপিংমলের সিসি ক্যামেরাগুলো সচল রাখা এবং বিদ্যুৎ চলে গেলে মার্কেটগুলোতে স্ট্যান্ডবাই জেনারেটর থাকে, সে ব্যবস্থা করারও আহবান জানান তিনি।

গাড়ি চুরি প্রতিরোধের বিষয়ে তিনি বলেন, গাড়িতে জিপিএস লাগানো উচিৎ। আজকাল মাত্র ৮/১০ হাজার টাকায় এ সুবিধা পাওয়া যায়। সামান্য এ টাকার জন্য আপনার দামি গাড়ি অনিরাপদে রাখা উচিৎ না। আজকাল মোটরসাইকেলেও অনেকে জিপিএস লাগিয়ে নিচ্ছেন।

অফিস সিডিউল প্রসঙ্গে তিনি বলেন, ইতোমধ্যে সরকারি অফিসে রমজানের সিডিউল ঘোষণা করা হয়েছে। প্রাইভেট কোম্পানিগুলো আগে পিছে করে সময় ঠিক করে নেওয়া উচিৎ। তাহলে রাস্তায় যানজটে হেনস্থা হতে হবে না এবং ট্রাফিক নিয়ন্ত্রণের সুবিধা হবে। রমজানে ট্রাফিক পুলিশ অনেক কষ্ট করে।

নগরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, মার্কেটের সামনে দুই তিন লাইনে গাড়ি দাঁড় করাবেন না। এতে জ্যামের সৃষ্টি হয়। বর্তমানে কিছু রাস্তায় কাজের কারণে খানা-খন্দকের সৃষ্টি হয়েছে। পাশাপাশি বৃষ্টির কারণে এ খানা-খন্দক রাস্তায় জ্যামের সৃষ্টি হতে পারে। তাই খানা-খন্দকগুলো দ্রুত ঠিক করার জন্য দুই সিটি কর্পোরেশনকে অনুরোধ জানান তিনি।

বেনজির আহমেদ বলেন, জাল টাকা রোধে শপিং মলের মেশিনগুলোকে সচল করতে হবে। যাদের মেশিন নেই তাদেরকে ডিএমপি সহায়তা করবে। বিগত দিনগুলোতে ব্যাংকগুলো বিশেষ করে বাংলাদেশ ব্যাংক জাল নোট ধরতে ডিএমপি’র সঙ্গে কাজ করেছে। এবারও আমরা ব্যাংগুলোর কাছ থেকে সহায়তা পাবো বলে আশা করছি।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ