অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, করমুক্ত আয়ের সীমা আমাদের দেশে যেভাবে বাড়ানো হয়, সেভাবে বিশ্বের কোনো দেশে বাড়ানো হয় না। বিশ্বের ধনী দেশেও এভাবে বাড়ানো হয় না। “২ লাখ ২০ হাজার টাকা আগামী ১০ বছরের জন্য নির্ধারণ করতে চেয়েছিলাম। কিন্তু প্রধানমন্ত্রীর আপত্তির কারণে তা সম্ভব হয়নি।” তিনি বলেন, মোবাইল সেটে যে কর বসানো হয়েছে তাতে কেউ আপত্তি করবেন না বলে আমার ধারণা। তবে রাজনৈতিক সহিংসতা আমাদের পরিহার করতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এটি দুষ্টু কালচার। রাজনীতিবিদরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমরা এ ব্যাপারে শুধু আপিল করতে পারি।
মুহিত আরও বলেন, “কোনো খাতেই কালো টাকা সাদা করার সুযোগ নেই। বাজেট বক্তৃতায় যদিও বিষয়টি আমি বলিনি। তবে এখন বলছি, আগে এ বিষয়ে যেসব সুযোগ ছিল তা বাতিল হলো।” তিনি বলেন, “চলতি ২০১৩-১৪ অর্থবছরে তিনটি খাতে (ফ্লাট ও জমি কেনা এবং পুঁজিবাজারে বিনিয়োগ) কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। চলতি অর্থবছরে এই সুবিধা নিয়ে এ পর্যন্ত এসব খাতে মাত্র ৩৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে।”তার মানে কি দেশে কালো টাকা নেই-প্রশ্ন রাখেন অর্থমন্ত্রী।
“কিন্তু কালো টাকা আছে। যেহেতু এই সুবিধায় সাড়া পাওয়া যাচ্ছে না, সেই কারণে এটা বন্ধ করা হয়েছে,” বলেন তিনি । শুক্রবার রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত বাজেটত্তোর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলন চলাকালে অর্থমন্ত্রী সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান। অর্থমন্ত্রী বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের জন্য দুই লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকার বাজেট সংসদে উপস্থাপন করেন। এর ঠিক একদিন পরই তিনি এ সংবাদ সম্মেলন করলেন। রেওয়াজ অনুযায়ী প্রতিবছরই বাজেট উপস্থাপনের পরদিন তিনি সংবাদ সম্মেলন করে থাকেন।




