স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার সার্জিও আগুয়েরা নিজেকে বিশ্বকাপের জন্য সম্পূর্ন সুস্থ বলে জানালেন। বিশ্বশিরোপা নিজেদের ঘরে নিতে লিওনেল মেসির সঙ্গে একটি দল হয়ে খেলার আশাবাদও ব্যক্ত করলেন তিনি। আগুয়েরা এ মৌসুমে বেশির ভাগ সময় চোটের সঙ্গে লড়েছেন। চোট কাটিয়ে তিনি ৩৪ ম্যাচ খেলে ২৮ গোল করেছেন। চোটের কারণে ম্যান সিটি দলের বাইরে থাকাটাকে তিনি তেমন কোনো সমস্যা মানতে নারাজ।
আর্জেন্টাইন এই তারকা ফুটবলার বলেন, ‘হ্যাঁ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমি শেষ ম্যাচে ক্লাবের হয়ে খেলতে পেরেছি। দলকে সাহায্য করেছি আবারো ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে। এখন আমি বিশ্বকাপে খেলার জন্য অপেক্ষায় রয়েছি।’
আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিততে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অবশ্যই, কেন নয়? আমাদের বিশ্বসেরা মেসির মতো খেলোয়াড় রয়েছে। কঠিন ম্যাচ থেকেও সে আমাদের দলকে উপরের দিকে টেনে নিয়ে যাবে।’ দল সম্পর্কে আগুয়েরা বলেন, ‘আমাদের দারুন একটি ফরোয়ার্ড লাইন রয়েছে। যেখানে আমি ও লেভেজ্জি গোল করার জন্য মুখিয়ে থাকবো। আমাদের সমর্থন করার জন্য অসাধারণ কিছু মিডফিল্ডার রয়েছে। যেকোনো দলকে হারাতে আমাদের যথেষ্ট মেধা ও ক্ষমতা রয়েছে।’
অনেকে আর্জেন্টিনাকে সহজ গ্রুপে পড়েছে বলে মন্তব্য করছে। এ প্রসঙ্গে আগুয়েরা বলেন, ‘মানুষ এটা বলতেই পারে। তবে আমি মনে করিনা বিশ্বমঞ্চের কোনো দল সহজ হবে। আমাদের সঙ্গে গ্রুপে রয়েছে বসনিয়া-হার্জেগোভিনা, ইরান ও নাইজেরিয়া। নাইজেরিয়া আফ্রিকার চ্যাম্পিয়ন দল। ইরানও দারুন ফুটবল খেলে থাকে। এবারের বিশ্বকাপে বসনিয়া-হার্জেগোভিনা তাদের অভিষেক ঘটাচ্ছে। তারপরও ফুটবলে তাদের চমৎকার ইতিহাস রয়েছে। সবার জন্য এটি সহজ নয়।’




