ইন্টারন্যাশনাল ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)
আগামী আন্দোলন সংগ্রামে দলের নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান সংশ্লিষ্ট বিএনপি’র একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের দল ও নিজের প্রতি আরও অনুগত রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি। আর তাই নেতাকর্মীদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদানকে এখন থেকে তিনি সাংগঠনিক কর্মকাণ্ড হিসেবেই বিবেচনা করবেন।
গত ১১ই মে লন্ডনের পাশের এলাকা কেন্টে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমানের মেয়ে তাহসিনা রহমানের বিয়ে অনুষ্ঠানে স্ত্রী জোবায়দা রহমানসহ যোগ দিয়েছিলেন তারেক। অনুষ্ঠানস্থলে এসে পৌঁছালে তারেক দম্পতিকে স্বাগত জানান মহিদুর রহমান ও তার স্ত্রী। দলের নেতাকর্মী ও সমর্থকসহ প্রায় সহস্রাধিক ব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শুধু লন্ডন নয়, ফ্রান্স, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, ডেনমার্ক, সুইডেনসহ ইউরোপের বিভিন্ন দেশ এবং সুদূর আমেরিকা থেকেও বিএনপি’র নেতারা এসে যোগ দেন এই বিয়ের অনুষ্ঠানে। বিয়ের অনুষ্ঠানের পরিচিতি ছাপিয়ে এক পর্যায়ে অনুষ্ঠানটি বিএনপি নেতাকর্মীদের মিলন মেলার রূপ ধারণ করে।
দীর্ঘ চার ঘণ্টা স্ত্রী জোবায়দা রহমানসহ তারেক উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। কেন্টের ফক্সটন এলাকার লেসকিফ হলে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে তারেক ও জোবায়দা কনে তাহসিনা ও বর রাহাত আহমেদ চৌধুরীর সাথে ফটোসেশনেও অংশ নেন। বর-কনে ছাড়াও দলের নেতাকর্মীদের সাথেও গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে তারেক ক্যামেরার সামনে দাঁড়ান। অনুষ্ঠান চলাকালীন পুরো সময়ই তিনি হেঁটে হেঁটে দলীয় নেতাকর্মীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দলীয় কর্মীরা প্রাণপ্রিয় নেতাকে কাছে পেয়ে দলের সাংগঠনিক কর্মকাণ্ড সম্পর্কে নিজেদের মতামত ও পরামর্শ যেমন তুলে ধরেন, ঠিক তেমনি নেতার উপদেশ পরামর্শও মনযোগ সহকারে শোনেন।
নাম প্রকাশে অনিচ্ছুক অনুষ্ঠানে উপস্থিত দলের একজন কর্মী জানান, নেতাকর্মীদের সাথে আলোচনায় আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও মনযোগী হতে তারেক রহমান তাদের পরামর্শ দিয়েছেন। তারেক বলেছেন,‘দেশ ও জাতির বর্তমান অমানিশা কাল দীর্ঘদিন থাকবে না, তা অবশ্যই কেটে যাবে’। তাই সরকার বিরোধী চলমান আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি। নেতার উপদেশ ও পরামর্শ অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণসঞ্চার করে বলে বিএনপি’র ঐ কর্মী জানান।
তিনি বলেন, দলকে চাঙ্গা করতে তারেক রহমান ব্রিটেনের বিভিন্ন শহরে দলের সাংগঠনিক কর্মসূচি সহ গুরুত্বপূর্ণ সামাজিক অনুষ্ঠানগুলোতেও অংশ নেয়ার পরিকল্পনা করছেন বলে সিনিয়র নেতাদের সূত্রে জানা গেছে। আর বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুহিদুর রহমানের কন্যা তাহসিনা রহমানের বিয়েতে সস্ত্রীক উপস্থিতি ঐ পরিকল্পনারই অংশ।




