ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা বাজার নামক এলাকায় একটি অটো রাইস মিলের বয়লার বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, হযরত আলী (৩০), সুলতান (৩১) ও আলম (৩০)। তাদের বাড়ি হালুয়াঘাট উপজেলার ধারাকান্দা ও নড়াইল গ্রামে। স্থানীয় ও হালুয়াঘাট থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার ধারা বাজার এলাকার হাজী ফারুক হোসেনের মেসার্স শাকিল অটো রাইস মিলে ৬ জন শ্রমিক কাজ করছিলেন। শনিবার ভোর ৫টার দিকে বিকট শব্দে মিলের বয়লার বিস্ফোরিত হয়।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউল ইসলাম জানান, আহতদের উদ্ধারের পর ভোর সাড়ে ৬টার দিকে গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত অপর মিল শ্রমিক সুলতানকে (৩৫) ভর্তি করা হয়েছে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক করণিক চাঁন মিয়া জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সকাল সাড়ে ৭টার দিকে হযরত আলী (৩০), সুলতান (৩১) ও আলম (৩০) মারা যান। তিনি জানান, হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অপর দুই রাইস মিল শ্রমিক রেজ্জাক (৪১) ও রহমতের (৩০) অবস্থাও সংকটাপন্ন।
বিস্ফোরণের কারণ সম্পর্কে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) ইমারত হোসেন গাজী জানান, মাত্রাতিরিক্ত তাপের কারণে বয়লারের ট্যাঙ্কের ভেতর অতিরিক্ত গ্যাস হয়। এতেই ট্যাঙ্কটি বিকট আওয়াজে বিস্ফোরিত হয়। স্থানীয় লোকজন জানান, মিলের বয়লারের ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়ে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধান ক্ষেতে গিয়ে পড়ে। হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউল ইসলাম জানান, ঘটনার পর থেকেই মিল মালিক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।




