চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামসহ ২১ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত নেতার পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক এবং সরকারী কর্মচারীও আছেন। সোমবার বিকেলে নগরীর দেওয়ানবাজার এলাকায় জামায়াতের কার্যালয়ে এক বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। এসময় তল্লাশি চালিয়ে বেশকিছু বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, আটক হওয়া জামায়াত নেতারা নিজেদের কার্যালয়ে বসে রাষ্ট্রবিরোধী কর্মকান্ড সৃষ্টির জন্য গোপন বৈঠক করছিলেন। জামায়াত অফিসে তল্লাশি চালিয়ে বিস্ফোরকও পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা হবে।
আটক হওয়া ২১ জনের মধ্যে আছেন, নগর জামায়াতের আমির আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আ জ ম ওবায়দুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড.হাবিবুর রহমান, দক্ষিণ জেলা জামায়াত কার্যালয়ের কর্মচারী মো.মাঈনুদ্দিন ও নগর জামায়াতের কার্যালয়ের কর্মচারী আবু বক্কর সিদ্দিক, চট্টগ্রাম বন্দরের কর্মচারী আব্দুল হাকিম, বিজ্ঞান ও শিল্প গবেষণাগারের (বিসিএসআইআর) কর্মচারী এবিএম মনিরুজ্জামান, জামায়াত কার্যালয়ের মসজিদের মুয়াজ্জিন মো.সেলিম উদ্দিন, নগর জামায়াতের সদস্য জাকির হোসেন, ডা.সৈয়দ মো.আলম, আইয়ূব আলী ও আব্দুল মতিন, পতেঙ্গা ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক আব্দুল মোতালেব, ইসলামিয়া একাডেমির কর্মচারী সিদ্দিকুর রহমান, দেওয়ানবাজার ওয়ার্ড জামায়াতের প্রচার সম্পাদক শাহ আলম, দেওয়ানবাজার মসজিদের খাদেম ইব্রাহিম এবং জামায়াতের সক্রিয় সদস্য তৌহিদুল আলম, আবুল হাশেম ও ফারুক আজম। জামায়াত কার্যালয় থেকে উদ্ধার করা বিস্ফোরকের মধ্যে আছে, দেড় কেজি পটাশ, দুই লিটার পেট্রল এবং বেশ কয়েকটি বোতল।
পুলিশ সূত্রে জানা গেছে, নগর জামায়াতের কার্যালয়ে সাংগঠনিক বৈঠক শুরুর খবর পেয়ে অতিরিক্ত পুলিশসহ কোতয়ালী থানা পুলিশের একাধিক টিম সোমবার বিকেল ৪টার দিকে কার্যালয়সহ পুরো এলাকা ঘিরে ফেলে। এসময় জামায়াত নেতারা বৈঠকের প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ পুরো এলাকা ঘিরে আকস্মিক অফিসের ভেতরে তল্লাশি শুরু করে। এসময় একে একে জামায়াত নেতাদের অফিস থেকে বের করে গাড়িতে তুলে কোতয়ালী থানায় নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ আরও প্রায় দেড় ঘণ্টা ধরে পুরো অফিসজুড়ে তল্লাশি চালায়।
কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান, আটক নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের অভিযোগে মামলা দায়েরের পর ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হবে।




